উল্টো পথে লেগুনা, মুখোমুখি সংঘর্ষে আহত ২

 


উল্টো পথে লেগুনা, মুখোমুখি সংঘর্ষে আহত ২

চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রাম নগরীতে উল্টো পথে যান চলাচলের বেপরোয়া প্রবণতা ফের সড়ক দুর্ঘটনার জন্ম দিয়েছে। ইপিজেড থানাধীন টিসিবি ভবন সংলগ্ন নেভি মার্কেটের সামনে একটি কনটেইনার লরির সঙ্গে উল্টো পথে আসা লেগুনা টেম্পুর মুখোমুখি সংঘর্ষে চালক ও হেলপারসহ দুইজন আহত হয়েছেন।



পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মেগা ট্রেন্ড লজিস্টিক লিমিটেডের মালিকানাধীন একটি কনটেইনার লরি (চট্টগ্রাম মেট্রো-ঢ ৮১-১৮০৩) কাঠগড় এলাকা হয়ে ফ্রি-পোর্টের দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে উল্টো পথে আসা একটি লেগুনা টেম্পু (চট্টগ্রাম মেট্রো-ছ ১১-৩৩১৮) এর সঙ্গে সরাসরি সংঘর্ষে জড়িয়ে পড়ে।



সংঘর্ষে লেগুনা টেম্পুটির সামনের কিছু অংশ ভেঙে যায়। একই সঙ্গে কনটেইনার লরিটির সামনের অংশেরও আংশিক ক্ষয়ক্ষতি হয়। দুর্ঘটনার ধাক্কায় লেগুনার হেলপার ছিটকে সড়কে পড়ে আহত হন। লেগুনার চালকও আহত হন।

দুর্ঘটনার পর ব্যস্ত সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে ইপিজেড থানার টহলরত ডিউটি অফিসার দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং রাস্তায় থাকা যানজট দ্রুত ক্লিয়ার করেন।

পুলিশ দুর্ঘটনাকবলিত কনটেইনার লরি ও লেগুনা টেম্পুটি জব্দ করে। আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছে পুলিশ।



ইপিজেড থানার এক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বলেন, “প্রাথমিক তদন্তে লেগুনাটির উল্টো পথে চলাচলের বিষয়টি স্পষ্ট হয়েছে। দুর্ঘটনার দায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও জানান, এ ঘটনায় অন্য কোনো যানবাহন বা সাধারণ জনগণের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, নেভি মার্কেট ও টিসিবি ভবন সংলগ্ন সড়কটি গুরুত্বপূর্ণ হলেও এখানে প্রায়ই উল্টো পথে যান চলাচলের ঘটনা ঘটে। এতে দুর্ঘটনার ঝুঁকি দিন দিন বাড়ছে।

এদিকে ট্রাফিক পুলিশ জানায়, নগরীর বিভিন্ন পয়েন্টে উল্টো পথে যান চলাচলের বিরুদ্ধে নজরদারি আরও জোরদার করা হবে।

Comments