বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশনের উদ্যোগে ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক :
মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশনের উদ্যোগে ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন বিভাগের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও জনতার বিপ্লব পত্রিকার নির্বাহী সম্পাদক সাংবাদিক মো: ওমর ফারুক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের সাবেক প্রধান উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা সদস্য মো: আরিফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো: মিরাজ হোসেন।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ দেশপ্রেম প্রজন্ম সংগঠনের আহ্বায়ক মো: কাওসার আহম্মেদ মিয়াজী এবং বিশেষ আলোচক ছিলেন মো: সাইদুর রহমান (জি.এম)।
এছাড়াও উপস্থিত ছিলেন মো: আলমগীর হোসাইন রাজা চৌধুরী (আহ্বায়ক, চট্টগ্রাম বিভাগ), মো: মঞ্জুরুল হক (সদস্য সচিব, রংপুর বিভাগ), মো: সোহাগ হোসেন (যুগ্ম আহ্বায়ক, কেন্দ্রীয় কমিটি), মো: শাকিল হোসেন (যুগ্ম আহ্বায়ক, ঢাকা বিভাগ), মো: খোরশেদ আলম (সদস্য সচিব, কেন্দ্রীয় কমিটি), ইফতিয়ার হক (যুগ্ম আহ্বায়ক, ঢাকা বিভাগ), মো: রিপন হোসেন (সদস্য সচিব, খুলনা বিভাগ), মো: মোবারক হোসেন (আহ্বায়ক, ময়মনসিংহ বিভাগ), মো: ফয়সাল ইবনে আমিন (যুগ্ম আহ্বায়ক, ঢাকা বিভাগ), মো: জাহিদ হাসান (যুগ্ম আহ্বায়ক, কেন্দ্রীয় কমিটি), মো: মিরাজ হোসেন, মো: দুলাল হোসেন, মো: ইমরান হোসেন, মো: আলি বাবু (সদস্য, ঢাকা বিভাগ) সহ আরও অনেকে।
প্রধান অতিথি মো: আরিফুর রহমান তার বক্তব্যে বলেন, বিক্রয় পেশাজীবীদের অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সংগঠনকে শক্তিশালী করে দেশের ৬৪ জেলায় এর কার্যক্রম বিস্তৃত করার আহ্বান জানান তিনি। প্রয়োজনে মানববন্ধনসহ বিভিন্ন গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণের কথাও উল্লেখ করেন।
বিশেষ অতিথি মো: মিরাজ হোসেন বলেন, বিক্রয় পেশাজীবীরা দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ হলেও অনেক ক্ষেত্রে তারা ন্যায্য মর্যাদা ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হন। তিনি সংগঠনের মাধ্যমে এই পেশার মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান।
প্রধান আলোচক মো: কাওসার আহম্মেদ মিয়াজী বলেন, বিক্রয় পেশাজীবীরা দেশের ব্যবসা-বাণিজ্যের চালিকাশক্তি। তাদের অধিকার, নিরাপত্তা এবং কর্মপরিবেশ নিশ্চিত করা হলে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে।
বিশেষ আলোচক মো: সাইদুর রহমান (জি.এম) বলেন, দক্ষতা বৃদ্ধি এবং প্রশিক্ষণের মাধ্যমে বিক্রয় পেশাজীবীদের আরও উন্নত করা সম্ভব। তিনি বলেন, নিয়মিত প্রশিক্ষণ ও সঠিক দিকনির্দেশনা পেলে এই পেশার মানুষরা দেশের ব্যবসা-বাণিজ্যে আরও বড় অবদান রাখতে পারবেন।
সভাপতির বক্তব্যে মো: ওমর ফারুক বলেন, অনেক প্রতিষ্ঠান মনে করে শুক্রবার সেলস কার্যক্রম চালু রাখলে বিক্রি বাড়ে—এ ধারণা সম্পূর্ণ ভুল। সাপ্তাহিক ছুটি না থাকলে কর্মীদের মধ্যে কাজের উদ্দীপনা ও মানসিক প্রশান্তি থাকে না। সপ্তাহে অন্তত একদিন বিশ্রামের সুযোগ পেলে বিক্রয় প্রতিনিধিরা নতুন উদ্যমে কাজ করতে পারেন, যা প্রতিষ্ঠানের বিক্রয় বৃদ্ধিতেও ইতিবাচক প্রভাব ফেলে।
তিনি আরও বলেন, বর্তমান বাজারদরের সাথে ১৭-১৮ হাজার টাকার বেতনে একজন বিক্রয় পেশাজীবীর পক্ষে পরিবার পরিচালনা করা অত্যন্ত কষ্টসাধ্য। তাই এই পেশার জন্য সু-নির্দিষ্ট নীতিমালা প্রণয়ন এবং একটি আলাদা মন্ত্রণালয় গঠনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দও তাদের বক্তব্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন।
চট্টগ্রাম বিভাগের আহ্বায়ক মো: আলমগীর হোসাইন রাজা চৌধুরী বলেন, বিক্রয় পেশাজীবীদের পরিশ্রমের উপরই একটি কোম্পানির বাজার বিস্তার ও বিক্রয় বৃদ্ধি নির্ভর করে। তাই এই পেশার মানুষদের যথাযথ সম্মান ও প্রাপ্য সুবিধা নিশ্চিত করা প্রয়োজন।
রংপুর বিভাগের সদস্য সচিব মো: মঞ্জুরুল হক বলেন, অনেক ক্ষেত্রে সেলস অফিসাররা উর্ধ্বতন কর্মকর্তাদের অযৌক্তিক চাপ ও মানসিক নির্যাতনের শিকার হন। তিনি এই ধরনের আচরণ বন্ধ করে একটি মানবিক কর্মপরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।
কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মো: সোহাগ হোসেন বলেন, অনেক কোম্পানি বাস্তবতার সাথে সামঞ্জস্যহীন অতিরিক্ত টার্গেট নির্ধারণ করে, যা পূরণ করা অনেক সময় অসম্ভব হয়ে পড়ে। এতে কর্মীদের উপর অপ্রয়োজনীয় চাপ সৃষ্টি হয়।
ঢাকা বিভাগের যুগ্ম আহ্বায়ক মো: শাকিল হোসেন বলেন, একটি কোম্পানি দিন দিন বড় হয়, ব্যবসা বাড়ে এবং মুনাফা বৃদ্ধি পায়; কিন্তু অনেক ক্ষেত্রে সেই কোম্পানির সেলস অফিসারদের আর্থিক ও পেশাগত উন্নয়ন হয় না। এটি একটি বড় বৈষম্য, যা দূর করা প্রয়োজন।
কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব মো: খোরশেদ আলম বলেন, বিক্রয় পেশাজীবীদের অধিকার রক্ষায় সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে এবং নতুন প্রজন্মকে এই সংগঠনের সঙ্গে সম্পৃক্ত করতে হবে।
খুলনা বিভাগের সদস্য সচিব মো: রিপন হোসেন বলেন, বিক্রয় পেশাজীবীদের জন্য ন্যায্য বেতন, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক মর্যাদা নিশ্চিত করা এখন সময়ের দাবি।
ময়মনসিংহ বিভাগের আহ্বায়ক মো: মোবারক হোসেন বলেন, এই পেশায় কর্মরত অনেকেই পরিবারকে পর্যাপ্ত সময় দিতে পারেন না। তাই কর্মপরিবেশ এমন হওয়া উচিত যাতে কাজের পাশাপাশি পারিবারিক জীবনও স্বাভাবিক রাখা যায়।
অনুষ্ঠান পরিচালনায় সার্বিক সহযোগিতা প্রদান করে সূর্যমুখী ইলেকট্রিক কোম্পানি, উইনপ্লাস ইলেকট্রনিক্স, মল্লিক এগ্রো ফুড এন্ড বেভারেজ, এইচ টু কনজ্যুমার প্রোডাক্ট লিমিটেড, সানি প্রাইভেট কোম্পানি লিমিটেড এবং হোসেন সিটি গার্ডেন।
আলোচনা শেষে দেশ, জাতি এবং বিক্রয় পেশাজীবীদের কল্যাণ কামনা করে দোয়া অনুষ্ঠিত হয় এবং উপস্থিত সবাই একসঙ্গে ইফতার গ্রহণ করেন।

Comments
Post a Comment